সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গার্মেন্টস ও রেমিট্যান্স খাতসহ বিভিন্ন ক্ষেত্রে যে অগ্রগতি ও উন্নয়ন হয়েছে, তার ভিত্তি রচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি শিক্ষার প্রসার ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শুক্রবার (১২ জুন) দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অ্যাফিলিয়েটেড বডিসমূহের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন জনগণের প্রতিষ্ঠান। এটিকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনীতি করা উচিত নয়। সবাইকে এটিকে জনগণের সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো কোনো সমিতি বা সংগঠনে দলীয় লোকজনকে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেননি।
তিনি অভিযোগ করেন, দেশের নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি হাসনাইন আখতার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভিন্ন অ্যাফিলিয়েটেড বডির প্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যসেবাকর্মী এবং জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।