সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্ত হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় দায়িত্ব পালনরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হয়েছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যৌথ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। চুরি, ডাকাতি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সুন্দরবনের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের দাবি, মোংলা থানার জয়মনির ঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। এ কারণে সেখানে কোস্ট গার্ড স্টেশন স্থাপন করা হয়েছে। স্টেশনটি স্থাপনের পর বনদস্যুদের রসদ, অস্ত্র ও অন্যান্য লজিস্টিক সহায়তা সরবরাহের পথ অনেকাংশে বন্ধ হয়ে যাওয়ায় তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়ে। ফলে বনদস্যু ও তাদের সহযোগীরা এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি মেনে নিতে পারছে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার জয়মনির ঘোল স্টেশনে দুর্বৃত্তরা অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কোস্ট গার্ডের প্রাথমিক ধারণা, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অপকর্ম পরিচালনার সুবিধার্থে কোস্ট গার্ডকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। বাহিনীটির মতে, সুন্দরবনে বনদস্যু দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের চলমান সফল কার্যক্রমকে বাধাগ্রস্ত করাই এসব অপতৎপরতার মূল উদ্দেশ্য।
বাংলাদেশ কোস্ট গার্ড গণমাধ্যমকর্মী, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলকে প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি বাহিনীটি জানিয়েছে, কোনো ধরনের অপপ্রচার, হামলা, ভয়ভীতি বা ষড়যন্ত্র তাদের দায়িত্ব পালন ও অভিযানিক কার্যক্রমকে ব্যাহত করতে পারবে না।