এবারের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতা, সুশৃঙ্খলতা ও সফলতার ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ।
বুধবার (১০ জুন) সকালে সৌদি আরবের রিয়াদ শহরের দ্যা পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ প্রশংসা করেন।
বৈঠকে সৌদি মন্ত্রী ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সার্বিক সাফল্যের কথা উল্লেখ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে দক্ষ নেতৃত্বের মাধ্যমে হজযাত্রীদের সেবা নিশ্চিত করায় ধর্মমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সৌদি হজমন্ত্রী বলেন, বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা, সমন্বয় ও কার্যকর ব্যবস্থাপনা অন্য দেশের জন্যও উদাহরণ হতে পারে। ভবিষ্যতে হজ ব্যবস্থাপনার আরও উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি ২০২৭ সালের হজকে আরও আধুনিক ও সেবাবান্ধব করতে সৌদি সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথাও তুলে ধরেন।
জবাবে ধর্মমন্ত্রী কায়কোবাদ হজ ব্যবস্থাপনায় অভূতপূর্ব উন্নয়ন সাধনের জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, মোহাম্মদ বিন সালমান এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর নেতৃত্বে হজযাত্রীদের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং মাশায়ের অঞ্চলে সেবার মানোন্নয়নের প্রশংসা করেন।
তিনি বলেন, আল্লাহর মেহমানদের সেবায় হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ সবসময় সৌদি আরবের পাশে থাকবে।
বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, কাউন্সিলর (হজ) কামরুল ইসলাম এবং দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।