নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মারা গেলে তার পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দেবে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত একটি নতুন নীতিমালা জারি করা হয়েছে।
বুধবার (১০ জুন) নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসির উপসচিব রাশেদুল ইসলামের স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়েছে, ভোট গ্রহণ বা ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা কিংবা হামলার শিকার হয়ে মারা গেলে তার পরিবার ১০ লাখ টাকা অনুদান পাবে।
এ ছাড়া গুরুতর আহত বা স্থায়ীভাবে অক্ষম হলে ৪ লাখ টাকা, গুরুতর আহত বা অস্থায়ীভাবে অক্ষম হলে ২ লাখ টাকা এবং সাধারণভাবে আহত হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, দায়িত্ব পালনরত অবস্থায় আকস্মিকভাবে অসুস্থ হয়ে মৃত্যু হলে পরিবারকে ৬ লাখ টাকা দেওয়া হবে। গুরুতর অসুস্থ হয়ে স্থায়ী অক্ষমতায় আক্রান্ত হলে ৩ লাখ টাকা, সাময়িক অসুস্থতার ক্ষেত্রে ৫০ হাজার টাকা, হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা নিলে ৩ লাখ টাকা এবং সাধারণ চিকিৎসা গ্রহণ করলে সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদান দেওয়া হবে।
অনুদান পেতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবারকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে আবেদন কমিশনের কাছে উপস্থাপন করা হবে এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী অনুদান প্রদান করা হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে এ ধরনের অনুদান প্রদানের ক্ষেত্রে সুস্পষ্ট ও সমন্বিত কোনো নীতিমালা ছিল না। নতুন নীতিমালা চালুর ফলে অনুদানের অর্থ উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন এবং অনুদান প্রদানের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে।