অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কারণে দেশের অনেক অঞ্চলের মাটিতে অম্লতা বৃদ্ধি পেয়ে উর্বরতা কমে গেছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি মাটির উর্বরতা পুনরুদ্ধারে গবেষণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।
বুধবার (১০ জুন) রাজধানীর খামারবাড়িতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)-এর বার্ষিক কারিগরি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের কৃষিকে আরও এগিয়ে নিতে হলে মাটির পিএইচ মান উন্নয়ন এবং উর্বরতা বৃদ্ধি অপরিহার্য। এ ক্ষেত্রে কৃষি বিজ্ঞানীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, কৃষির উন্নয়ন হলে দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ বছরের অধিকাংশ সময় বরফে আচ্ছাদিত থাকলেও বাংলাদেশে প্রায় সারা বছরই ফসল উৎপাদনের সুযোগ রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
মাটির গুণগত মান উন্নয়নে দ্রুত গবেষণার ফলাফল প্রয়োজন উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, সর্বোচ্চ দুই বছরের মধ্যে মাটির অম্লতা কমিয়ে পিএইচ মান বৃদ্ধির কার্যকর উপায় বের করতে হবে। তিনি বিশেষভাবে কম পিএইচযুক্ত জমি চিহ্নিত করে গবেষণা পরিচালনার নির্দেশনার কথাও জানান।
একই সঙ্গে তিনি কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, নিম্নমানের বা অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশ, কৃষিজমি, ফসল এবং মানবস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পেস্টিসাইডের গুণগত মান ও ব্যবহার আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানের সভাপতিত্বে বিভিন্ন কৃষি গবেষণা ও সম্প্রসারণ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।