ফেনীর সোনাগাজীতে স্বামী ও স্ত্রীর একে অন্যের বিরুদ্ধে করা পৃথক মামলায় আদালতের আদেশে দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, সোনাইমুরি/সোনাগাজি উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবরে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের দুই মাস পর নাসিমা পূর্বপরিচিত এক ব্যক্তির সহযোগিতায় চার ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে চলে যান বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে নাসিমা আক্তারের বিরুদ্ধে চুরির মামলা করেন।
অন্যদিকে নাসিমা আক্তার তাঁর স্বামী মো. সুমন ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন।
আদালত সূত্রে জানা গেছে, দুই পক্ষের মামলাই একই আদালতে বিচারাধীন থাকায় একাধিকবার আপস-মীমাংসার সুযোগ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে সমাধান না হওয়ায় বুধবার শুনানির দিন স্বামী-স্ত্রী আদালতে হাজির হলে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্বামীর পক্ষে আইনজীবী রবিউল হক ফরহাদ বলেন, দুই মামলায় তারা আগে জামিনে ছিলেন। আদালত দীর্ঘ সময় দিলেও সমাধান না হওয়ায় উভয়কেই কারাগারে পাঠানোর আদেশ দেন।
ফেনী আদালতের পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, পারস্পরিক বিরোধের দুই মামলায় আদালতের আদেশে স্বামী-স্ত্রী দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।