হাটহাজারীতে এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার পিতা রবিউল আলম (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।
থানা সূত্রে জানা যায়, গত ৮ জুন রাত আনুমানিক ৮টার দিকে হাটহাজারী মডেল থানাধীন আমান বাজার চৌধুরীপাড়া নূর মোহাম্মদ কলোনীর ৬ নম্বর রুমে পিতা কর্তৃক এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ভিকটিমের পরিচয় ও গোপনীয়তা রক্ষার্থে তার নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ঘটনার পর চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে কুমিল্লা জেলা পুলিশের সহযোগিতায় বুধবার (১০ জুন) কুমিল্লার লাকসাম থানা এলাকা থেকে অভিযুক্ত রবিউল আলমকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বিপিএম বলেন, ঘটনায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সকল দিক গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, ভিকটিমের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দ্রুততম সময়ে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।