মে মাসের আইসিসি পুরুষ ক্রিকেটার অফ দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার—তাইজুল ইসলাম ও মুশফিকুর রহিম। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন নেপালের দীপেন্দ্র সিং ঐরি।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মনোনয়ন পান তাইজুল ও মুশফিক। সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দুই টেস্টে তিনি ১৩ উইকেট নেন ১৯.৬১ গড় নিয়ে। সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২০ রান খরচায় ৬ উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি।
অন্যদিকে একই সিরিজে ব্যাট হাতে দাপট দেখান মুশফিকুর রহিম। দুই টেস্টে তিনি ৬৩.২৫ গড়ে সংগ্রহ করেন ২৩৫ রান। প্রথম টেস্টে ৭১ রানের ইনিংস এবং দ্বিতীয় টেস্টে ১৩৭ রানের বড় সেঞ্চুরি ছিল তার পারফরম্যান্সের প্রধান আকর্ষণ।
তৃতীয় মনোনীত ক্রিকেটার নেপালের দীপেন্দ্র সিং ঐরি। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ–টু’র ম্যাচগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স করে তিনি তালিকায় জায়গা করে নেন। মে মাসে তিনি ৬টি ওয়ানডেতে ২৪৯ রান করেন ৪৯.৮০ গড়ে এবং স্ট্রাইক রেট ছিল ১১০.৬৬। এছাড়া বল হাতে নিয়েছেন ৮টি উইকেট। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি সেঞ্চুরিও করেন তিনি।
নারী বিভাগে মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন ইংল্যান্ডের লরেন বেল, পাকিস্তানের গুল ফিরোজা এবং নিউজিল্যান্ডের ম্যাডি গ্রিন।