বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেলেন ইরানের ফুটবল সমর্থকরা। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র এক দিন বাকি থাকতেই হঠাৎ করে ইরান দলের সমর্থকদের জন্য বরাদ্দকৃত সব অফিশিয়াল টিকিট বাতিল করেছে ফিফা। এতে ভিসা জটিলতা কাটিয়ে প্রস্তুত থাকা হাজারো ইরানি সমর্থকের মাঠে বসে খেলা দেখার স্বপ্ন ভেঙে গেছে।
ইরান ফুটবল ফেডারেশন মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, ফিফার এই সিদ্ধান্তে তারা বিস্মিত ও ক্ষুব্ধ। তাদের দাবি, এটি ফুটবলের চেতনা ও সমতার নীতির পরিপন্থী এবং এতে রাজনৈতিক প্রভাব রয়েছে।
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশ মোট টিকিটের প্রায় ৮ শতাংশ অফিশিয়াল কোটা হিসেবে পায়, যা নিজ দেশের সমর্থকদের মাঝে বিতরণ করা হয়। ইরান ফুটবল ফেডারেশন ইতোমধ্যেই সেই টিকিট বিক্রির প্রক্রিয়াও শুরু করেছিল। কিন্তু হঠাৎ সিদ্ধান্তে পুরো প্রক্রিয়াই স্থগিত হয়ে যায়।
ফেডারেশন জানায়, নিয়ম মেনে অসংখ্য সমর্থক ভ্রমণ ও ম্যাচ দেখার সব প্রস্তুতি সম্পন্ন করলেও শেষ মুহূর্তে তাদের টিকিট বাতিল হওয়ায় তারা চরম হতাশ। একই সঙ্গে তারা ইঙ্গিত দেয়, এই সিদ্ধান্তের পেছনে খেলাধুলার বাইরের রাজনৈতিক কারণ থাকতে পারে।
এদিকে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে ইরান দলের প্রস্তুতিতেও প্রভাব পড়েছে। ভিসা ও নিরাপত্তা জটিলতার কারণে তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর টিজুয়ানাতে নিতে হয়। দলটি ইতোমধ্যে সেখানে পৌঁছেছে।
দলের কিছু খেলোয়াড় ভিসা পেলেও গুরুত্বপূর্ণ কয়েকজন স্টাফ এখনো অনুমোদন পাননি বলে জানা গেছে।
আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে তারা।