কাউন্টডাউন শেষের পথে। আগামীকাল পর্দা উঠছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে ইতিহাস গড়তে যাচ্ছে এবারের টুর্নামেন্ট, যা যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা।
উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। তবে তার দেড় ঘণ্টা আগেই শুরু হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, এবারের উদ্বোধনী পর্বে থাকবে লাতিন আমেরিকার সংস্কৃতি, সংগীত ও বৈচিত্র্যের বিশেষ প্রদর্শনী। একই সঙ্গে উন্মোচন করা হবে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল মিউজিক অ্যালবাম।
এবারের অনুষ্ঠানে পারফর্ম করবেন একঝাঁক আন্তর্জাতিক তারকা। তালিকায় আছেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশেন, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলিস, মানা এবং টাইলা। আয়োজকদের ইঙ্গিত, শেষ মুহূর্তে আরও চমকপ্রদ নাম যুক্ত হতে পারে।
সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছেন কলম্বিয়ান পপ তারকা Shakira। ফিফার ঘোষণা অনুযায়ী, নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে তিনি এবারের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ লাইভ পরিবেশন করবেন। এটি শাকিরার জন্য চতুর্থ বিশ্বকাপ পারফরম্যান্স—এর আগে তিনি ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও গান পরিবেশন করে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানেই শেষ নয়। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের হাফ-টাইম শোতেও থাকবেন শাকিরা। সেখানে তার সঙ্গে মঞ্চে পারফর্ম করবে উগান্ডার শিশু নৃত্যদল ‘ট্রিপলেটস গেটো কিডস’।
তিন আয়োজক দেশের মধ্যে প্রথম উদ্বোধনী আয়োজন হবে মেক্সিকোতে। পরদিন কানাডা ও যুক্তরাষ্ট্রেও আলাদা করে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফিফা।