বাগেরহাটের মোংলায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, সম্প্রতি মোংলা বন্দরের প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশনের অফিস সহকারী শেখ আল-আমিন এবং একই এলাকার বাসিন্দা মার্কিন জোয়াদ্দারের দুটি মোটরসাইকেল দিগরাজ বাজারের শাহিন হোটেলের সামনে থেকে চুরি হয়। ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে, সংঘবদ্ধ চোর চক্রের সদস্য রনি হাওলাদার মোটরসাইকেল দুটি অন্যত্র বিক্রি করে দিয়েছেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— রামপাল উপজেলার গৌরম্ভা এলাকার মো. ইমরান হাওলাদারের ছেলে মো. রনি হাওলাদার, রনসেন এলাকার আবু সাঈদ শেখের ছেলে মেহেদী হাসান, মোংলা উপজেলার দিগরাজ এলাকার মো. মকবুল হোসেনের ছেলে মো. সজীব আহমেদ জয়, ব্যাংক রোড এলাকার মো. আব্দুল আলিমের ছেলে মো. সাজেদুল ইসলাম, বুড়িরডাঙ্গা এলাকার মো. নজরুল শেখের ছেলে মো. নাজমুল শেখ এবং ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকার মৃত শেখ নবীর উদ্দিনের ছেলে তানভীর হোসেন শাওন।
এ ঘটনায় বুধবার সকালে মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।