কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত অংশগ্রহণে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন। গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের চৌদ্দগ্রাম উপজেলা সমন্বয়কারী অমল দাশ ও মোঃ মোহর আলীর সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন, বিভিন্ন এনজিও প্রতিনিধি রুহুল আমিন, আলমগীর হোসেন, রবিউল আলম, এনায়েত উল্লাহ মাসুম, বেলাল হোসেন শাকিল, লুৎফুর রহমানসহ স্থানীয় সাংবাদিক শাহীন আলম, আনিছুর রহমান, কাজী সেলিম, কাজী আহসান প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, “অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ মোহর আলী জানান, ২০২৪ সালের এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ২৭ মাসে কুমিল্লা জেলায় মোট ১২ হাজার ৩৮২টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ৭৫.৭৪ শতাংশ নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩১৫টি মামলা উচ্চ আদালত থেকে প্রেরিত।
এ সময়ে ৯৪.৮৩ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে এবং ১৪ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ২৮৫ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। মামলাগুলোর মধ্যে ৪ হাজার ২৪৩ জন নারী আবেদনকারী ছিলেন এবং বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ ছিল ১৫ শতাংশ।
একই সময়ে চৌদ্দগ্রাম উপজেলায় ৯৯৪টি মামলা দায়ের হয়ে ৭৫.৮৬ শতাংশ নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৮৪টি মামলা উচ্চ আদালত থেকে প্রেরিত। এখানে ৯৮.০১ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন এবং ১ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৯৯০ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। নারী আবেদনকারী ছিলেন ৩৯৭ জন এবং বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ ১৫ শতাংশ।
আয়োজকরা জানান, গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর করতে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।