প্রায় অর্ধলাখ মানুষের অংশগ্রহণে শ্রীপুর পৌসভার টানা চারবারের সাবেক মেয়র ভিপি আনিছুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সোমবার (৮ জুন) বেলা সোয়া ১১টায় মাধখলা গ্রামের নিজ বাড়িতে মাধখলা ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে বিভিন্ন দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে রোববার (৭ জুন) বিকেলে ঢাকার উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাত সাড়ে ৮টার দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তার লাশ নিজ বাড়িতে নিয়ে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ তার বাসায় ভিড় করেন। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
জানাজায় অংশ নেওয়া লোকজন বলেন, ২০০০ সালে শ্রীপুর পৌসভার প্রতিষ্ঠার পর থেকে টানা চারবার মেয়র নির্বাচিত হয়ে ২০ বছর দায়িত্ব পালন করেন ভিপি আনিছুর রহমান। তিনি শ্রীপুরবাসীর কাছে ছিলেন জনপ্রিয় নেতা। মাধখলা এলাকাটি শ্রীপুরবাসীর কাছে ‘মেয়র বাড়ী’ হিসেবেই পরিচিত ছিল।