বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বিত উদ্যোগে ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি জেলে এবং তাদের ব্যবহৃত ৪টি মাছ ধরার ট্রলার দেশে ফিরেছে।
সোমবার (৮ জুন) দুপুরে কোস্ট গার্ড বেইস মোংলায় আনুষ্ঠানিকভাবে জেলেদের তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শাহ্ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড গত ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৫ এবং ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ৪টি বাংলাদেশি মাছ ধরার ট্রলারসহ ৯১ জন জেলেকে আটক করে।
পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ট্রলারগুলো দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, গত ৭ জুন বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল)-এ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন জেলে ও ৪টি ট্রলার গ্রহণ করা হয়।
এরপর সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলায় আনুষ্ঠানিকভাবে জেলেদের তাদের ট্রলারসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম আরও সহজ ও গতিশীল হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।