জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভবিষ্যতে সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করে বক্তব্য দেওয়ার পরামর্শ দেন তিনি।
রবিবার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বিষয়ে সম্পূরক প্রশ্ন উত্থাপন করেন সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় তিনি মন্ত্রীর দেওয়া পূর্ববর্তী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে ধরেন।
রুমিন ফারহানা বলেন, মন্ত্রী সংসদে দাঁড়িয়ে তাকে আশ্বস্ত করেছিলেন যে, গত ১ মে’র মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো সেখানে গ্যাস সরবরাহ শুরু হয়নি। তিনি জানতে চান, কবে নাগাদ কারখানাটি গ্যাস সংযোগ পাবে।
জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশে গ্যাসের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে বিদ্যুৎকেন্দ্রগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে আশুগঞ্জ সার কারখানায় এখনই গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
মন্ত্রী আরও জানান, দীর্ঘ ১৭ বছর পর নতুন করে গ্যাস অনুসন্ধান ও খনন কার্যক্রম শুরু হয়েছে। নতুন গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন পাওয়া গেলে আশুগঞ্জ সার কারখানাসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের সুযোগ তৈরি হবে।
মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে স্মরণ করিয়ে দেন যে, তিনি সংসদে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্পিকার বলেন, “আপনি সংসদে বলেছিলেন, এক তারিখ থেকে গ্যাস যাবে। কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি।”
তিনি আরও বলেন, সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ড্রিলিং, গ্যাস সরবরাহ সক্ষমতা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় যথাযথভাবে যাচাই-বাছাই করে বক্তব্য দেওয়া উচিত। মন্ত্রীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সংসদে দেওয়া প্রতিশ্রুতি যেন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।