রাজধানীর মতিঝিলে মোটরসাইকেলে করে এসে লোকমান হোসেন নামে এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই ব্যবসায়ীর হাত ও পায়ে তিনটি গুলি লেগেছে।
রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে শাপলা চত্বরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লোকমানকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতিঝিল থানার ওসি কামরুজ্জান তালকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী লোকমান মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী। তিনি মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে ১৭ হাজার ডলার ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ওই ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান।
তিনি বলেন, ওই ব্যবসায়ীর হাতের কনুইর নিচে একটি এবং পায়ে হাঁটুর নিচে দুইটি গুলি লেগেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।