বরগুনার তালতলী উপজেলায় বজ্রপাতে এক মৎস্যচাষী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের পঁচাকোড়ালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. অলিউল্লাহ (১৭) ওই গ্রামের বাসিন্দা মো. লোকমান হাকিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার সকালেও অলিউল্লাহ তার বাবা লোকমান হাকিমের সঙ্গে পায়রা নদীতে মাছ শিকারে যান। নদীতে নৌকার দুই পাশে অবস্থান নিয়ে তারা বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে অলিউল্লাহ বজ্রাঘাতে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমিন মুন্সি জানান, বজ্রপাতের পর লোকমান হাকিম দ্রুত নৌকা তীরে নিয়ে আসেন। তবে ততক্ষণে তার ছেলে অলিউল্লাহর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তালতলী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিতা-পুত্র মাছ ধরতে গিয়ে বজ্রপাতে অলিউল্লাহ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।