রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রত্যেক ভুক্তভোগী পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
রবিবার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের মধ্যে যৌথ আলোচনার মাধ্যমে এই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষতিপূরণের পাশাপাশি আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে।
এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দীর্ঘমেয়াদী সহায়তা হিসেবে আজীবন বিনামূল্যে চিকিৎসা, শিক্ষাসহায়তা এবং চাকরির সুযোগ দেওয়া হবে।
হাসপাতালের ঘোষিত সুবিধার মধ্যে রয়েছে—
আজীবন ফ্রি চিকিৎসা : ভুক্তভোগী পরিবারের বাবা, মা, ভাই-বোন ও সন্তানরা আজীবন আদ্-দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো থেকে ওষুধ ছাড়া সব ধরনের চিকিৎসা বিনা মূল্যে পাবেন।
শিক্ষাসুবিধা : আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা পূরণ সাপেক্ষে বিনা বেতনে পড়ার সুযোগ থাকছে। মেডিকেল কলেজ বা অধিক ব্যয়বহুল শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি বা টিউশন ফি মওকুফের ব্যবস্থা থাকবে।
চাকরির সুযোগ : পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী আদ্-দ্বীনে চাকরির সুযোগ দেওয়া হবে।