বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (৭ জুন) বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া দলের অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৯ জুন প্রথম, ১১ জুন দ্বিতীয় এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়কে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। নিরাপত্তা ও যানজট নিরসনের স্বার্থে এ সময় সড়কটি সাধারণ যানবাহনের জন্য বন্ধ রাখা হবে।
ডিএমপি জানিয়েছে, মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে প্রশিকা ক্রসিং থেকে শিয়ালবাড়ি ক্রসিং, রাইনখোলা ও ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ নম্বরে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।
ক্রিকেট সিরিজ চলাকালে জনসাধারণ ও যানবাহন চালকদের সহযোগিতা কামনা করেছে ডিএমপি। পাশাপাশি নির্ধারিত সময়ে স্টেডিয়ামসংলগ্ন এলাকায় চলাচলের ক্ষেত্রে ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।