ঢাকা মহানগরীর যাত্রীদের জন্য সুখবর। রাতের বেলায় মেট্রো রেল চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী রবিবার (৭ জুন) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে।
সম্প্রতি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, রাতের দিকে উভয় প্রান্তে মেট্রো চলাচলের সময় ২০ মিনিট করে বাড়ানো হচ্ছে। এর ফলে যাত্রীসেবা আরও কিছুটা দীর্ঘ সময় পর্যন্ত পাওয়া যাবে।
নতুন সময়সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে শেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে, যা আগে ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা আগে ছিল রাত ৯টা ৩০ মিনিট।
ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, সময় বাড়ানোর আগে গত এক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। পরীক্ষার সফলতার ভিত্তিতেই নতুন সময়সূচি চালু করা হচ্ছে।
প্রাথমিকভাবে বর্ধিত ২০ মিনিট সময়ে অতিরিক্ত একটি করে ট্রিপ চালানো হবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলগামী এবং আরেকটি ট্রেন উত্তরাগামী চলাচল করবে। এ সময় ট্রেন চলাচলের ব্যবধানে প্রায় ১০ মিনিটের ব্যবধান থাকবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড–এর পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, রাতের বর্ধিত সময় চালুর সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নতুন সময়সূচিতে যাত্রীসেবা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।