কুড়িগ্রামের রাজারহাটে মাছবাহী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকালে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরমতি এলাকার সিদ্দিক শেখ ও তার ছেলে দুলু মিয়া (২৮)। তারা মোটরসাইকেলে করে রংপুর যাচ্ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে।
নিহত সিদ্দিক শেখের ভাই শহিদুল ইসলাম জানান, শনিবার সকালে বাবা-ছেলে মোটরসাইকেলে করে রংপুর যাচ্ছিলেন। পথে রাজারহাটের শিমলারতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী মাছবাহী একটি পিকআপের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষে হয়।
এতে ছিটকে পড়ে বাবা-ছেলে গুরুতর আহত হন। ছেলে দুলুকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবা সিদ্দিক শেখকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ বলেন, দুর্ঘটনার শিকার বাবা-ছেলে পৃথক হাসপাতালে মারা গেছেন। তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।