মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের স্ক্র্যাপ ইলেকট্রিক্যাল ক্যাবল বিক্রয়ের জন্য অনুষ্ঠিত উন্মুক্ত টেন্ডারে ৩ কোটি ২৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকার সর্বোচ্চ দর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) আয়োজিত টেন্ডার কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। টেন্ডারে এশিয়ান ট্রেড লিংক সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়।
প্রতিষ্ঠানটির পক্ষে স্থানীয় ব্যবসায়ী মোস্তফা কামাল, মো. নুরুল আবছার, মো. আলমগীর হোসেন এবং মামুনুল ইসলাম মামুন টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরো টেন্ডার কার্যক্রম উন্মুক্ত, প্রতিযোগিতামূলক ও নিয়মতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশংসা করেছেন।
টেন্ডারে সফল হওয়ার পর মোস্তফা কামাল বলেন, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক টেন্ডার ব্যবস্থা ব্যবসায়ীদের মধ্যে আস্থা তৈরি করে। নিয়ম মেনে পরিচালিত এ প্রক্রিয়ায় অংশ নিতে পেরে তারা সন্তুষ্ট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।
অন্যদিকে আলমগীর হোসেন বলেন, মাতারবাড়ি বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন কেন্দ্র। স্থানীয় উদ্যোক্তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হলে তারা জাতীয় অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
টেন্ডারে অংশ নেওয়া অন্যান্য ব্যবসায়ীরাও বলেন, উন্মুক্ত ও গ্রহণযোগ্য পরিবেশে কার্যক্রম সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্ট। ভবিষ্যতেও একই ধরনের স্বচ্ছ ও নিরপেক্ষ টেন্ডার ব্যবস্থাপনা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, বড় শিল্প ও বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়লে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণেও ইতিবাচক প্রভাব পড়বে।