টাঙ্গাইলের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় ১৪৪ ধারা জারি থাকার পরও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শুক্রবার (৫ জুন) সকালে নলীন বাজার ও জগৎপুরা এলাকায় দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে জগৎপুরা এলাকায় একাধিক ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে।
প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত রাত ১২টার পরই গোপালপুর ও ভূঞাপুর এলাকায় ১৪৪ ধারা জারি করে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে। তবে সকালে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুরের গোল পেঁচা ও ভূঞাপুরের জগৎকুড়া গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমপক্ষে ১০টি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে বলে জানা গেছে।
ভূঞাপুর থানার ওসি মো. সাব্বির রহমান জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এদিকে দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা পুনরায় সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন।