তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ও ২ শিয়ালের মৃত্যু

তানোর (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর তানোর উপজেলায় ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটি হেলে পড়ে তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতটি গরু ও দুটি শিয়ালের মৃত্যু

2026-06-05T15:35:36+00:00
2026-06-05T15:35:36+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ও ২ শিয়ালের মৃত্যু
তানোর (রাজশাহী) প্রতিনিধি
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহীর তানোর উপজেলায় ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটি হেলে পড়ে তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতটি গরু ও দুটি শিয়ালের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লোবাতালা ব্রিজের পূর্ব পাশে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকূপসংলগ্ন কৃষিজমিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতের ঝড়ের সময় গভীর নলকূপে সংযোগ দেওয়া নেসকোর একটি বিদ্যুতের খুঁটি হেলে পড়ে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে পাশের জমিতে পড়ে যায়। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে কারও নজরে না আসায় জমিটি বিদ্যুতায়িত অবস্থায় ছিল। শুক্রবার সকালে মাঠে ঘাস খেতে থাকা গরুগুলো বিদ্যুতায়িত স্থানে গেলে একে একে মারা যায়। একই সময়ে আশপাশে থাকা দুটি শিয়ালও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

নিহত গবাদিপশুর মালিকদের মধ্যে হরিদেবপুর গ্রামের শ্রীমতি তপু বালার দুটি, শ্রীমতি সুধা ধারীর একটি, সমাসপুর তালন্দ বাজার এলাকার মোজাফফর হোসেনের একটি, হরিদেবপুর গ্রামের জিতেনের একটি, গীতা রানীর একটি এবং তালন্দ বাজার এলাকার মনজুর রহমানের একটি গরু রয়েছে।

স্থানীয় বাসিন্দা সুকুমার রবিদাস বলেন, “রাতের ঝড়ে বিদ্যুতের খুঁটি হেলে পড়ে তার ছিঁড়ে যায়। সকালে গরুগুলো মাঠে চরতে গিয়ে বিদ্যুতায়িত জমিতে প্রবেশ করলে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতির মুখে পড়েছে।”

তানোর নেসকোর আবাসিক (সহকারী) প্রকৌশলী অমিত হাসান আরিফ বলেন, “ঝড়ের কারণে লাইনের এ সমস্যা হয়েছে। আমাদের কেউ বিষয়টি অবহিত করেননি। খবর পাওয়ার পর দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিএমডিএর তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম বলেন, “ঘটনাস্থলের গভীর নলকূপটি বিএমডিএর কি না, তা যাচাই করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত খামারিরা তাঁদের গবাদিপশুর ক্ষয়ক্ষতির জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: