রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালকে কেন্দ্র করে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ধরা পড়েছে। এর ভিত্তিতে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, গত ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে ওই হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করা হয় এবং তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। আজ বিকেল ৩টায় সেই প্রতিবেদন পাওয়া গেছে।
তদন্তে দেখা গেছে, রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য উপযোগী নয়। বিশেষ করে পোস্ট-অপারেটিভ কক্ষ-২ পরিদর্শনে গিয়ে কমিটি দেখতে পায়, দীর্ঘসময় এসি বন্ধ থাকা এবং পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় অক্সিজেনের ঘাটতি তৈরি হয় এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, তদন্ত কমিটি নার্স, পরিচ্ছন্নতাকর্মী এবং মৃত নবজাতকদের অভিভাবকদের সঙ্গে কথা বলে দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতার প্রমাণ পেয়েছে। তিনি জানান, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।