বন্ধুদের সঙ্গে গুলিয়াখালী বিচে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জিহানুল ইসলাম শাওন (২০) ও ইকবাল হোসেন জিসান (২৩) নিহত হয়েছেন। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এ দুই আরোহী নিহত হন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে ছাগলনাইয়া থানার ঘোপাল ইউনিয়নের চৌধুরীপাড়া রাস্তার মুখে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন জিসান ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের ডাক্তার বাড়ির আবু তৈয়বের ছেলে। জিহানুল ইসলাম শাওন ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর পাটোয়ারী বাড়ির কামরুল হাসান রসুলের একমাত্র ছেলে। তিনি ফেনী হোমপ্লাস-এর কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
শাওনের আত্মীয় এম. এমরান পাটোয়ারী জানান, শাওনসহ কয়েকজন বন্ধু গতকাল গুলিয়াখালী বিচে ঘুরতে যান। সেখানে রাত যাপন শেষে তারা ফেনীর উদ্দেশ্যে রওনা দেন। পথে তাদের মোটরসাইকেলটি একটি ডাম্প ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এতে জিসান ঘটনাস্থলেই নিহত হন এবং শাওন গুরুতর আহত হন।
পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে দুই বন্ধু চট্টগ্রাম থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। এ সময় রেজিস্ট্রেশনবিহীন একটি দ্রুতগতির ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে জিসান ঘটনাস্থলে মারা যান। শাওনকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মোটরসাইকেল ও ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।