পবিত্র হজ পালন করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম। মা-বাবার সঙ্গে জীবনের এই বিশেষ সফর সম্পন্ন করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন। হজের অভিজ্ঞতাকে তিনি বর্ণনা করেছেন ‘সবর, শোকর এবং আল্লাহর ওপর গভীর তাওয়াক্কুলের এক অনন্য গল্প’ হিসেবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে দুরেফিশান লেখেন, মা-বাবার সঙ্গে এই পবিত্র সফর সম্পন্ন করতে পারা তার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তিনি জানান, রমি (শয়তানকে পাথর নিক্ষেপ) এর প্রথম দিনেই অসুস্থ হয়ে পড়লেও তার মা-বাবার দৃঢ় মনোবল তাকে অনুপ্রাণিত করেছে।
হজ ক্যাম্পের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, সেখানে অসাধারণ কিছু মানুষের সঙ্গে তার পরিচয় হয়েছে। একসঙ্গে নামাজ আদায়, কান্না, হাসি এবং ক্যাম্পের খাবার ভাগাভাগির মধ্য দিয়ে তারা এক অনন্য অভিজ্ঞতার অংশ হয়েছেন। এসব মুহূর্ত তাকে তাকওয়া ও ইমানের গভীর শিক্ষা দিয়েছে—শুধু কথায় নয়, কাজের মাধ্যমেই ধর্মকে আরও ভালোভাবে বোঝার সুযোগ হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এই সফর থেকে তিনি কী নিয়ে ফিরছেন তা পুরোপুরি ভাষায় প্রকাশ করা কঠিন। তবে তিনি স্পষ্টভাবে অনুভব করেছেন, দীর্ঘদিন ধরে বহন করা অনেক মানসিক ভার ও আবেগ তিনি পেছনে ফেলে এসেছেন।
পবিত্র এই ইবাদত থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা হিসেবে তিনি বলেন, সব ধরনের আবেগ থেকে নিজেকে মুক্ত করে সম্পূর্ণ আত্মসমর্পণই হজের মূল শিক্ষা, যা তিনি বারবার নিজের জীবনে ধারণ করতে চান।
সবশেষে ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, হজ মোবারক। আল্লাহ আমাদের সবাইকে এই ফরজ ইবাদত পালনের তৌফিক দিন। আর যখনই আমরা এটি করব, যেন তা আমাদের বাহ্যিক ও অন্তর—দুই দিক থেকেই পরিশুদ্ধ ও পরিবর্তিত করে।