ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নেন। মানববন্ধন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডবলমুরিং থানা পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পরে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলে আন্দোলনকারীরা স্থান ত্যাগ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, ব্যাংকের বর্তমান পরিচালনা ব্যবস্থা গ্রাহকদের স্বার্থের পরিপন্থি। তাই চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণের দাবি জানান তারা।
বিক্ষোভকারীরা আরও বলেন, ইসলামী ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। ব্যাংকের স্বার্থ ও আমানতকারীদের প্রত্যাশা বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা।