ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, রাজধানীতে রিকশা, অটোরিকশা ও ভ্যান চলাচল বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে এসব যানবাহনকে নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার (০১ জুন) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকায় বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থা চলতে পারে না। তাই রিকশা বা অটোরিকশা বন্ধ না করলেও এগুলোকে নিয়মের মধ্যে আনতেই হবে। এর অংশ হিসেবে নির্দিষ্ট এলাকার চালককে নির্দিষ্ট এলাকায় কাজ করার মতো ব্যবস্থা চালুর কথাও তিনি উল্লেখ করেন।
তার মতে, বাইরে থেকে এসে যেকেউ ঢাকায় রিকশা চালালে পরিবহন ব্যবস্থায় নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে। তাই চালকদের এলাকা ভিত্তিকভাবে নির্ধারণ করলে শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও জানান, লাইসেন্সিং ব্যবস্থা চালু হলে যানজট কমানোর পাশাপাশি চালকদের পরিচয় ও কার্যক্রম আরও সুস্পষ্ট হবে। ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং দুর্ঘটনা রোধে ব্রেকিং সিস্টেমসহ প্রযুক্তিগত উন্নয়নের ওপর গুরুত্ব দেন। এ বিষয়ে চালকদের মতামতও নেওয়া হবে বলে জানান তিনি।
এছাড়া তিনি বলেন, জীবিকার প্রয়োজনে যারা রিকশা ও অটোরিকশা চালান তাদের উচ্ছেদ না করে বরং সুশৃঙ্খল ব্যবস্থার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে—এমন নির্দেশনা রয়েছে।
নগরীতে ইতোমধ্যে ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল ও স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা চালু হয়েছে উল্লেখ করে তিনি জানান, একই ধরনের আধুনিক ব্যবস্থা রিকশা ও অটোরিকশার ক্ষেত্রেও চালুর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আশফাকুল ইসলাম মনু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।