পরিমাপে কারচুপি করে গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় রাজধানীর মহাখালীর ‘তশোফা ফিলিং স্টেশন’কে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (২১ জুলাই) বিএসটিআই মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী সর্বমোট চার লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটসমূহ সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়।
বিএসটিআইয়ের প্রকাশনা শাখার সম্পাদক মাঈনুদ্দীর মিয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে রাজধানীর মহাখালীর শহীদ তাজউদ্দিন সরণির তশোফা ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট যাচাইয়ান্তে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিট এ প্রতি ১০ লিটারে ১২০ মি.লি. কম এবং তিনটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট এ প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৩০ মি.লি., ২২০ মি.লি. ও ১৯০ মি.লি. জ্বালানি কম পাওয়ায় এ জরিমানা করা হয় ও ডিসপেন্সিং ইউনিট চারটি বন্ধ করে দেয়া হয়।
মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র জনাব আহসান হাবীব খান, পরীক্ষক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।