গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
এ ঘটনায় কারা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওঠা প্রশ্নের মধ্যেই সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, গত ১৬ জুলাই সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সীমানা প্রাচীর টপকে ২১ বছর বয়সী সাজাপ্রাপ্ত নারী কয়েদি মোছা. রিম্পা পালিয়ে যান। ঘটনার পর কারা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে জেলারের দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলার বিষয়টি উল্লেখ করা হয়।
কারা অধিদপ্তরের সুপারিশের ভিত্তিতে সরকারি চাকরি আইন অনুযায়ী জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, ১৬ জুলাই সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে জেলারের বাসভবনের দক্ষিণ পাশের পেরিমিটার ওয়াল টপকে পালিয়ে যান রিম্পা। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হয় কারা কর্তৃপক্ষ।
পলাতক রিম্পাকে তিন দিন পর, ১৯ জুলাই রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-২। তিনি রাজধানীর ধানমন্ডি থানার একটি সিআর মামলায় ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ৯ জুলাই থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এ ঘটনায় কারা অধিদপ্তর তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা খতিয়ে দেখা হচ্ছে।