রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এমভি সুন্দরবন-১২ নামে একটি লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।
রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি ট্রলারটি কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। সদরঘাট এলাকায় পৌঁছানোর পর ট্রলারটির প্রপেলার কোনো কিছুর সঙ্গে আটকে গেলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে ট্রলারটি নদীর মাঝেই স্থির হয়ে পড়ে।
এ সময় বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি মুহূর্তেই ডুবে যায়।
ট্রলারে থাকা ১০ আরোহীর মধ্যে আটজন সাঁতরে বা অন্যভাবে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও দুজন নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা (ওয়্যারহাউজ ইন্সপেক্টর) মো. আনোয়ারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৯টা ৫০ মিনিটে অভিযান শুরু করে।
তিনি বলেন, ডুবুরি দল নিখোঁজ দুজনকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হয়েছে এবং সেটি উদ্ধারের কার্যক্রমও চলছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ দুইজনের সন্ধান এখনো মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।