প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
সোমবার (১ জুন) এক শোকবার্তায় জিএম কাদের বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
শোকবার্তায় তিনি বলেন, ১৯৪৩ সালের ২২ অক্টোবর জন্মগ্রহণকারী তোফায়েল আহমেদ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন এবং বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের অন্যতম নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সে সময় তিনি ডাকসুর সহ-সভাপতি (ভিপি) ছিলেন।
জিএম কাদের আরও বলেন, ১৯৭০ সালে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভোলা-১, ভোলা-২ ও বাকেরগঞ্জ-১ আসন থেকে মোট আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া বিভিন্ন সময়ে বাণিজ্য, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।