বগুড়ার নন্দীগ্রামে গলায় লুঙ্গির ফাঁস লাগানো অবস্থায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি পারিবারিক কলহ বা মানসিক অস্থিরতার কারণে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
গত রোববার দিবাগত রাত তিনটার দিকে নন্দীগ্রাম পৌর শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক সৌরভ (২৫) সরকারি আজিজুল হক কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি কলেজপাড়ার ড্রাইভার শামীম হোসেনের ছেলে।
গতকাল সোমবার স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাতে ছেলের ঘরে (শয়নকক্ষ) দরজা বন্ধ দেখেন তার মা। অনেক ডাকাডাকি করেও সাড়াশব্দ পাননি। শঙ্কায় প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভাঙা হয়। শয়নকক্ষে বাঁশের তীরের সাথে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় ঝুলছিল কলেজ শিক্ষার্থীর নিথর দেহ।
স্থানীয় লোকজনের সহায়তায় ঝুলন্ত দেহ নামিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি রহস্যজনক বলেও মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। নিহত শিক্ষার্থীর মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।