প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।
দলের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা এক শোক বার্তায় বলেন, দেশের এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তিনি বলেন, উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তোফায়েল আহমেদ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি আরও উল্লেখ করেন, ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন তোফায়েল আহমেদ। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকার মাধ্যমে তিনি সারাদেশে পরিচিতি পান।
১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
বিকল্পধারা বাংলাদেশ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।