জুলাই সনদ ইস্যুতে রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ

সোহাগ রাসিফ

রাজনীতি

জুলাই জাতীয় সনদ ও গণভোট বাস্তবায়নকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ক্ষমতাসীন দল বিএনপি

2026-06-01T11:30:43+00:00
2026-06-01T14:03:00+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
রাজনীতি
বিরিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচির হুঁশিয়া
জুলাই সনদ ইস্যুতে রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ
সোহাগ রাসিফ
সোমবার, ১ জুন, ২০২৬, ১১:৩০ এএম  আপডেট: ০১.০৬.২০২৬ ২:০৩ পিএম
সংগৃহীত ছবি
জুলাই জাতীয় সনদ ও গণভোট বাস্তবায়নকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ক্ষমতাসীন দল বিএনপি এবং বিরোধী দল জামায়াতে ইসলামী ও তাদের মিত্র দলগুলো এই ইস্যুতে এখন কার্যত মুখোমুখি অবস্থানে রয়েছে। 

জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং সংবিধানের সংস্কার নাকি সংশোধনÑ এই প্রশ্নে দলগুলোর মধ্যে দেখা দিয়েছে চরম মতভেদ, যা রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করছে।

জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ জানিয়ে সরকারি দল বিএনপি বলেছে, তারা এটি সংসদীয় প্রক্রিয়ায় সংবিধানের আংশিক সংশোধনের মাধ্যমে করতে চায়। 

অন্যদিকে, বিরোধী দলে থাকা ১১ দলীয় জোটের বড় শক্তি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিদ্যমান সংবিধানের আমূল পরিবর্তন দাবি করছে। বিরোধী দলগুলোর অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সনদ নিয়ে ঐকমত্য হয়েছিল, ক্ষমতায় গিয়ে বিএনপি এখন তা থেকে পিছিয়ে যাচ্ছে।

এ প্রেক্ষাপটে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার যদি প্রয়োজনীয় সংস্কার থেকে পিছিয়ে যায়, তবে জুলাইয়ের মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু করা হবে।

পাল্টাপাল্টি কর্মসূচি : জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিকে বাধ্য করতে বিরোধী দলগুলো রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর বিপরীতে বিএনপি জুলাই সনদ নিয়ে ‘অপপ্রচার’ রোধে এবং নিজেদের অবস্থানের পক্ষে জনমত গঠনে সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি শুরু করেছে। তবে বিএনপির অভ্যন্তরেই এই কর্মসূচি নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে। 

দলের অনেক নেতা মনে করছেন, কেন্দ্র থেকে দায়সারাভাবে কর্মসূচি পালন করা হচ্ছে, যা বিরোধী দলের অপপ্রচার মোকাবিলায় যথেষ্ট নয়।

সংশোধন-সংস্কারে আইনি বিতর্ক : বিএনপির জানিয়েছে, জুলাই জাতীয় সনদের ১ থেকে ৪৭ নম্বর অনুচ্ছেদের প্রতিটিতেই বলা হয়েছে, এটি সংবিধান সংশোধন সাপেক্ষে বাস্তবায়ন করতে হবে। তারা আলাদা কোনো ‘সংস্কার পরিষদ’ গঠনের প্রয়োজনীয়তা দেখছে না। 

কিন্তু বিরোধী দলগুলো মনে করে, বিদ্যমান সংবিধান গত ৫৪ বছরে বারবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, তাই এর আমূল সংস্কার প্রয়োজন।

সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন করলেই যে তা ভবিষ্যতে চ্যালেঞ্জ করা যাবে না, এমন ভাবার সুযোগ নেই। কারণ ১৯৭১ সালের পর গণপরিষদে গৃহীত সংবিধানও পরবর্তীতে ১৭ বার সংশোধন করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে আদালত তা অবৈধ ঘোষণা করেছেন। 

বিএনপি সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী নিয়মিত পদ্ধতিতে পরিবর্তনের পক্ষে, কারণ বিদ্যমান আইনে ‘সংস্কারের’ কোনো আলাদা বিধান নেই।

জুলাই সনদের সব প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত নয়। বিশেষ করে ১৫ নম্বর পয়েন্টে উল্লিখিত ‘একই ব্যক্তির প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান না হওয়া’র বিধানটির বিরোধিতা করছে দলটি। এছাড়া উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংশোধন বিল আইনসভার উভয় কক্ষে পাসের প্রস্তাবের বিষয়েও বিএনপির ভিন্নমত রয়েছে। 

অন্যদিকে, বিএনপি সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাগুলো পুনরায় যুক্ত করতে চায়, যা জুলাই সনদে উল্লেখ নেই।

সরকারের অবস্থান ও ভবিষ্যৎ ইঙ্গিত : সরকারি দলের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি জানিয়েছেন, বিএনপি জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে, তবে তা হবে তাদের নিজস্ব পদ্ধতিতে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে এবং বিএনপি জনরায়কে সম্মান জানায়।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ইস্যুতে রাজপথ ও সংসদ- উভয় জায়গাতেই সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে। গতকাল রোববার দিনাজপুরের এক অনুষ্ঠানে জামায়াত নেতা আনোয়ারুল ইসলাম বলেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে তারা আপসহীন ভূমিকা পালন করবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থান দেশের রাজনীতিকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যেতে পারে। 

সাধারণ মানুষের নজর এখন সংসদের দিকে, যেখানে এই সনদের চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হতে পারে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: