রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ অভিযান চালিয়ে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। খাদ্য সংরক্ষণে অনিয়ম, তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ার অভিযোগে এ জরিমানা করা হয়।
রবিবার (৩১ মে) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাসপাতালের বিভিন্ন বিভাগ, ক্যান্টিন ও খাদ্য সংরক্ষণাগার পরিদর্শন করা হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে খাদ্য ব্যবস্থাপনায় একাধিক ত্রুটি ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হাসপাতালের ব্লাড ব্যাংক ছাড়া অধিকাংশ রেফ্রিজারেটরে প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার পাওয়া যায়নি। এছাড়া কয়েকটি স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ, খাদ্যপণ্যের ত্রুটিপূর্ণ লেবেলিং এবং সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতা লক্ষ্য করা হয়েছে।
এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেছে।
অভিযানে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।