একাত্তরের ঘাতক হানাদার বাহিনীকে সহযোগিতার ধারাবাহিকতায় বর্তমান সময়েও জামায়াতে ইসলামী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রবিবার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ১৯৭১-এ জামায়াত হানাদার বাহিনীর সঙ্গে আঁতাত করে এদেশের মানুষের উপরই যখন জুলুম করে হত্যা করা হচ্ছিল তখন সেটাকে সমর্থন করেছেন আর এখনকার জামায়াত অপপ্রচার, মিথ্যাচার করে।
জামায়াত নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে রিজভী বলেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতারা ভিন্ন আঙ্গিকে চাঁদাবাজি চালাচ্ছে। সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করলেও তারা একে ‘হাদিয়া’ কিংবা ‘এয়ানত’ (সাংগঠনিক চাঁদা) হিসেবে অভিহিত করছে। ধর্মের দোহাই দিয়ে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা দলটির চারিত্রিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।
নিজেদের অপকর্ম ঢাকতে দলটি ধর্মের অপব্যবহার করছে বলেও বিএনপির এই নেতা দাবি করেন।
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর আলোচনায় রুহুল কবির রিজভী দলটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের ভূমিকার তীব্র সমালোচনা করেন।
আলোচনা সভায় জাসাস-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।