দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের বড়চেরাগপুর মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় তানজীলা আক্তার লিজা (২৫) নামে এক যুবতীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানজীলা আক্তার লিজা পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের গোলজার হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে নানা বাড়ির দাওয়াতে অংশ নিতে বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে বিরামপুর উপজেলার বেপারীটলা গ্রামে যাচ্ছিলেন তানজীলা। পথে নবাবগঞ্জ উপজেলার বড়চেরাগপুর মোড়ে একটি দোকানের পাশে মোটরসাইকেল থেকে নেমে দাঁড়িয়ে থাকাকালে নবাবগঞ্জ থেকে আফতাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়।
ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দঘন মুহূর্তের আগে এমন হৃদয়বিদারক ঘটনায় স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবতীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ঈদের আনন্দ ভাগাভাগি করতে নানা বাড়ির উদ্দেশে রওনা হওয়া তানজীলার আর পৌঁছানো হলো না গন্তব্যে। এক মুহূর্তের দুর্ঘটনায় নিভে গেল একটি তরুণ প্রাণ, আর স্বজনদের ঈদের আনন্দ পরিণত হলো শোকে।