হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল সংকট, ৩ জুন থেকে পরিবহন ধর্মঘট

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধান না হলে আগামী ৩ জুন থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

2026-05-31T14:45:15+00:00
2026-05-31T14:48:20+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল সংকট, ৩ জুন থেকে পরিবহন ধর্মঘট
হবিগঞ্জ প্রতিনিধি
রোববার, ৩১ মে, ২০২৬, ২:৪৫ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৬ ২:৪৮ পিএম
হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে অবস্থিত হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন। ছবি ভোরের ডাক
হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধান না হলে আগামী ৩ জুন থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ জেলা বাস/মিনিবাস, ট্রাক, সিএনজি ও ম্যাক্সি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

রবিবার (৩১ মে) দুপুর ১২টায় হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে অবস্থিত হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জ বাস মালিক সমিতি (বর্তমানে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ) ১৯৭৪ সাল থেকে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে যাত্রী পরিবহন সেবা পরিচালনা করে আসছে।

বক্তব্যে বলা হয়, নতুন মহাসড়ক নির্মাণের পর ২০০৬ সালে হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে জটিলতা দেখা দিলে তৎকালীন সিলেট বিভাগীয় কমিশনার আঃ হাকিম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমঝোতা বৈঠকে হবিগঞ্জের বাসগুলোকে হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর-সিলেট রুটে ৪৮টি বাস পরিচালনার অনুমতি দেওয়া হয়। পাশাপাশি শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও শেরপুর এলাকায় যাত্রী ওঠানামার সুযোগও নিশ্চিত করা হয়।

তারা দাবি করেন, ওই সমঝোতার ভিত্তিতে প্রায় দুই দশক শান্তিপূর্ণভাবে বাস চলাচল অব্যাহত থাকলেও ২০২৪ সালের অক্টোবর মাসে মৌলভীবাজার জেলার মালিক-শ্রমিকদের বাধার মুখে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। পরে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতির সাময়িক সমাধান হলেও চলতি বছরের ১০ মে শেরপুর এলাকায় হবিগঞ্জের বাস আটকে দেওয়ার ঘটনায় আবারও উত্তেজনা দেখা দেয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে গত ১৫ মে সিলেট বিভাগীয় কমিশনারের উদ্যোগে দুই জেলার প্রশাসন এবং মালিক-শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো কার্যকর সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়।

এদিকে ১৬ মে হবিগঞ্জে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হলে পুলিশ প্রশাসনের অনুরোধে তা প্রত্যাহার করা হয়। পরে হবিগঞ্জের পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় শেরপুর স্টপেজ ছেড়ে দেওয়ার প্রস্তাব গ্রহণ করা হলেও মৌলভীবাজার পক্ষ তা প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ করেন মালিক-শ্রমিক নেতারা।

তাদের দাবি, প্রায় ৫৩ বছরের পুরোনো এই পরিবহন সেবা গত ১৪ দিন ধরে বন্ধ থাকায় প্রায় ৬০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিক বৈঠক ও আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২৩ মে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের আহ্বায়ক আলহাজ মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ২ জুনের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে মৌলভীবাজার হয়ে সিলেট চলাচলের সুযোগ নিশ্চিত করা না হলে ৩ জুন সকাল ৬টা থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে।

সংবাদ সম্মেলনে মালিক-শ্রমিক নেতারা দ্রুত সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বলেন, দীর্ঘদিনের এ বিরোধের স্থায়ী সমাধান না হলে জেলার পরিবহন খাত, শ্রমিক এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়বেন।

তবে এ বিষয়ে মৌলভীবাজার জেলার মালিক-শ্রমিক নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আর এতে করে ওই রুট দিয়ে চলাচলকারী যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। মূলত মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা মালিক সমিতির দ্বন্দ্বের কারণেই হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: