শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী তাঁর নির্বাচনী এলাকার অংশ হিসেবে শনিবার (৩০ মে) দুপুরে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি জাফলংয়ে আগত পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং পর্যটন খাতের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা বিষয়ে তাদের মতামত শোনেন। এ সময় তিনি স্থানীয় প্রশাসনকে পর্যটকদের দাবি ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, জাফলংয়ে আগত পর্যটকদের মতামত নেওয়া হয়েছে এবং তারা বেশ কিছু যৌক্তিক দাবি ও পরামর্শ দিয়েছেন। ছোটখাটো সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, জাফলং সীমান্তবর্তী জিরো পয়েন্ট এলাকায় দীর্ঘদিনের মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পর্যটন এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা আরও জোরদার করা হবে।
স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে। বিশেষ করে পাথর শ্রমিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
তিনি আরও বলেন, জাফলং পর্যটন এলাকাকে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনার আওতায় আনা হবে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নদী খননের মাধ্যমে নিরাপদ নৌভ্রমণের সুযোগ সৃষ্টি করা হবে।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জাফলংকে একটি আধুনিক, নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।