ঈদুল আজহার কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অপসারণের ঘোষণা দিলেও রাজধানীর বিভিন্ন এলাকায় এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। ঈদের পরদিন শুক্রবার বিকেল পর্যন্ত শহরের একাধিক এলাকায় পশুর উচ্ছিষ্ট ও বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে, ফলে অনেক জায়গায় পরিবেশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়—মিরপুর, শাহজাদপুর, বনানী ও গুলশানের কিছু অংশে এখনো কোরবানির বর্জ্য রয়ে গেছে। একইভাবে দক্ষিণ সিটির খিলগাঁও, বনশ্রী, সবুজবাগ, চকবাজার, জিগাতলা, হাজারীবাগ ও বকশীবাজার এলাকায়ও সড়কের পাশে পশুর উচ্ছিষ্ট, রক্ত ও চামড়াজাত বর্জ্য পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত অপসারণের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে সব এলাকায় সমানভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম হয়নি। ফলে কিছু এলাকায় এখনো দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে।
তবে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা জানিয়েছেন, একসঙ্গে বিপুল পরিমাণ বর্জ্য জমে যাওয়ায় কিছু এলাকায় কাজ শেষ হতে দেরি হচ্ছে। তারা বলছেন, পর্যাপ্ত জনবল ও যানবাহন ব্যবহার করে দ্রুতই সব বর্জ্য অপসারণের কাজ শেষ করার চেষ্টা চলছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ঈদের দিন থেকেই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে এবং নির্ধারিত সময়ের মধ্যেই শহর পরিষ্কার করার লক্ষ্য ঘোষণা করেছিল। তবে বাস্তবে কিছু এলাকায় দেরির কারণে নগরবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।