বিক্রি না হওয়ায় মাটিচাপা দিচ্ছেন অনেকে

অনলাইন ডেস্ক

সারাদেশ

ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছর জমে ওঠা কোরবানির পশুর চামড়ার বাজার এবার মৌলভীবাজারে প্রায় অচল হয়ে পড়েছে। ক্রেতা সংকট

2026-05-29T15:49:44+00:00
2026-05-29T15:51:15+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
মৌলভীবাজারে কোরবানির চামড়ায় ধস
বিক্রি না হওয়ায় মাটিচাপা দিচ্ছেন অনেকে
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৩:৪৯ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৬ ৩:৫১ পিএম
সংগৃহীত ছবি
ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছর জমে ওঠা কোরবানির পশুর চামড়ার বাজার এবার মৌলভীবাজারে প্রায় অচল হয়ে পড়েছে। ক্রেতা সংকট ও লোকসানের আশঙ্কায় জেলার অধিকাংশ কওমী মাদরাসা চামড়া সংগ্রহ থেকে সরে দাঁড়িয়েছে। ফলে চামড়া নিয়ে বিপাকে পড়েছেন কোরবানিদাতারা। সারাদিন অপেক্ষা করেও ক্রেতা না পেয়ে অনেকেই বাধ্য হয়ে চামড়া মাটিচাপা দিয়েছেন।

ঈদের দিন ও শুক্রবার (২৯ মে) সরেজমিনে মৌলভীবাজার পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, প্রতি বছরের মতো মানুষ চামড়া নিয়ে এলেও বাজারে নেই সেই পুরোনো কোলাহল। হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী ১০০ থেকে ১৫০ টাকায় চামড়া কিনছেন। অনেক বিক্রেতা দূর-দূরান্ত থেকে গাড়িভাড়া করে চামড়া নিয়ে এলেও সেই খরচও তুলতে পারছেন না।

চামড়া ব্যবসায়ীরা জানান, গত বছরের সংগ্রহ করা চামড়ার অনেকটাই এখনো বিক্রি হয়নি। ট্যানারিগুলোর কাছেও রয়েছে বিপুল বকেয়া। এ অবস্থায় নতুন করে চামড়া কিনে আরও লোকসানের ঝুঁকি নিতে চাইছেন না তারা। শুধুমাত্র দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতেই সীমিত পরিসরে কিছু চামড়া সংগ্রহ করছেন ব্যবসায়ীরা।

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের একটি কওমী মাদরাসার শিক্ষক মাওলানা মিজান আহমেদ বলেন, প্রতি বছর আমরা মাদরাসার জন্য চামড়া সংগ্রহ করতাম। কিন্তু গতবার বড় ধরনের লোকসান হওয়ায় এবার আর সংগ্রহ করিনি। একটি চামড়া সংগ্রহ ও সংরক্ষণে যে খরচ হয়, বিক্রির সময় সেই টাকা ওঠে না।

জুবের আহমদ নামে এক ব্যক্তি জানান, তিনি ৪৫টি চামড়া সংগ্রহ করে মাত্র সাড়ে চার হাজার টাকায় বিক্রি করেছেন। এতে শ্রম ও পরিবহন খরচও ওঠেনি।

তওফিক আহমদ বলেন, দুপুর থেকে চামড়া নেওয়ার জন্য অপেক্ষা করেছি। অন্যান্য বছর মাদরাসার লোকজন এসে নিয়ে যেত, কিন্তু এবার কেউ আসেনি। শেষে বাধ্য হয়ে চামড়া মাটিতে পুঁতে রাখতে হয়েছে।

অন্যদিকে, জমশেদ আহমদ নামে এক বিক্রেতা জানান, তিনি ৩৫টি চামড়া নিয়ে শহরে এলেও ব্যবসায়ীরা কিনতে আগ্রহ দেখাননি। শেষ পর্যন্ত মাত্র ১ হাজার ৫০০ টাকা দাম পান, অথচ পিকআপ ভাড়াই গেছে ৩ হাজার টাকা।

বালিকান্দি বাজারের চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শওকত বলেন, আমাদের এলাকায় প্রায় ২০০ বছর ধরে চামড়ার ব্যবসা চলছে। কিন্তু এখন এই শিল্প টিকিয়ে রাখা কঠিন হয়ে গেছে। সরকার দাম নির্ধারণ করলেও বাস্তবে সেই দামে বেচাকেনা সম্ভব নয়। ট্যানারিগুলোর কাছে পুরোনো পাওনা রয়েছে। এভাবে চলতে থাকলে চামড়া শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে দেশের ঐতিহ্যবাহী চামড়া শিল্প আরও গভীর সংকটে পড়বে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: