বাংলাদেশ ফুটবলে শুরু হয়েছে নতুন অধ্যায়। জাতীয় দলের দায়িত্ব নিয়েই বড় স্বপ্নের কথা শুনিয়েছেন নতুন প্রধান কোচ থমাস ডুলি। তাঁর লক্ষ্য শুধু ম্যাচ জেতা নয়, বরং বিশ্বমানের একটি দল গড়ে তোলা।
ঈদের ছুটিতেও বিশ্রাম নেই জামাল ভূঁইয়া ও সতীর্থদের। সান মারিনো মিশনকে সামনে রেখে নতুন কোচের অধীনে কঠোর অনুশীলনে ব্যস্ত পুরো দল। আর এই যাত্রাতেই নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন ডুলি।
নিজের ফেসবুক বার্তায় ৬৫ বছর বয়সী এই কোচ জানিয়েছেন, বাংলাদেশের ফুটবল ভক্তদের আবেগ ও প্রত্যাশার চাপ তিনি প্রথম দিন থেকেই অনুভব করেছেন। তবে তিনি পরিষ্কার করে দিয়েছেন, আরাম বা সহজ উপার্জনের জন্য বাংলাদেশে আসেননি।
ডুলির ভাষায়, আমি এখানে এসেছি আমার অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের ফুটবলকে আরও এগিয়ে নিতে। আমার লক্ষ্য শুধু একটি ম্যাচ জেতা নয়, বরং এমন একটি দল তৈরি করা যারা বিশ্বমানের ফুটবল খেলতে পারবে।
জার্মান বুন্দেসলিগায় খেলার অভিজ্ঞতা এবং যুক্তরাষ্ট্র দলের অধিনায়কত্বের সময় পাওয়া আত্মবিশ্বাস তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দিতে চান। তাঁর পরিকল্পনায় থাকবে শৃঙ্খলাবদ্ধ, সংগঠিত এবং বুদ্ধিদীপ্ত ফুটবল।
নতুন কোচের বিশ্বাস, সঠিক পরিকল্পনা ও সমর্থন পেলে বাংলাদেশ ফুটবল নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। তাই দেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়েছেন একসঙ্গে পথচলার।
ডুলির কণ্ঠে আশার বার্তা, চলুন, আমরা সবাই মিলে বাংলাদেশের ফুটবলে নতুন ইতিহাস তৈরি করি।