ভারত সফরে গিয়ে পাত্তাই পেল না আফগানিস্তান ক্রিকেট দল। একমাত্র ইনিংসে ফরকারীদের অনায়াসে গুঁড়িয়ে দিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের জয় তুলে নিলো শুবমান গিলরা।
ভারতের চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র টেস্টের তৃতীয় দিন আজ আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের আগের বৃহত্তম জয়টি ছিল ২০১৮ সালে রাজকোটে। সেবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ২৭২ রানে জয় তুলে নেয় ভারত। এবার সেই রেকর্ড নতুন করে লিখলো গিলের দল।
একইসঙ্গে, এটি এশিয়ান দলগুলোর মধ্যে টেস্টে দ্বিতীয় বৃহত্তম জয়। এই রেকর্ডের মালিক ২০০২-এ লাহোরে নিউজিল্যান্ডকে ইনিংস ও ৩২৪ রানে হারানো পাকিস্তান।
নিজেদের একমাত্র ইনিংসে ৮ উইকেটে ৫৬৪ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। রান তাড়ায় দুই ইনিংস মিলিয়েও ভারতের সংগ্রহ ছুঁতে পারেনি আফগানিস্তান। প্রথম ইনিংসে সফরকারীরা ১৫২ রানে গুটিয়ে গেলে তাদের ফলো-অনে পাঠায় ভারত। দ্বিতীয় ইনিংসে আরও শোচনীয় অবস্থা হয় তাদের। স্রেফ ১১২ রানেই শেষ হয় আফগানদের প্রতিরোধ।
ম্যাচে ভারতের জয়ের নায়ক ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার মানব সুথার। টেস্ট অভিষেকে মাত্র ৩৩ রানে ৬ উইকেট নিয়ে ৪৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন তিনি। ভারতের হয়ে অভিষেকে বাঁহাতি বোলারদের মধ্যে এটিই এখন সেরা বোলিংয়ের রেকর্ড। ১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে ১০৩ রানে ৬ উইকেট নেয়া দিলিপ দোশির এতদিন এ তালিকার সবার উপরে ছিলেন। দ্বিতীয় ইনিংসে বল হাতে আলো ছড়ান ওয়াশিংটন সুন্দর ও কুলদিপ যাদব। সুন্দর ৪টি এবং কুলদিপ নেন ৩টি উইকেট।
আফগান শিবিরে দুই ইনিংস মিলিয়ে বলার মতো প্রতিরোধ গড়তে পারেন কেবল রহমত শাহ ও সেদিকউল্লাহ আতাল। প্রথম ইনিংসে রহমত শাহ করেন ৬০ রান। দ্বিতীয় ইনিংসে ওপেনার সেদিকউল্লাহর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪২ রান। এছাড়া প্রথম ইনিংসে চোট পাওয়া শারাফউদ্দিন আশরাফ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে না পারায় তৃতীয় সেশনের শুরুতেই আফগানিস্তানের পরাজয় নিশ্চিত হয়।