কয়েক দিনের টানাপোড়েনের পর অবশেষে ট্রাভিস হেড ও মিচেল মার্শকে নিয়ে সিদ্ধান্ত জানা গেল। আইপিএল শেষে ছুটি বাড়ানো হয়েছে হেডের। আগ্রাসী এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত বাংলাদেশে আসছেন না। চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না অধিনায়ক মিচেল মার্শও।
মার্শের অনুপস্থিতিতে সাম্প্রতিক পাকিস্তান সফরের মতো বাংলাদেশে ওয়ানডে সিরিজেও নেতৃত্ব দেবেন জশ ইংলিস। টি-টোয়েন্টি সিরিজে মার্শ খেলতে পারবেন বলে আশা করছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।
হেড ও মার্শের বদলে দলে জায়গা পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার ম্যাথু শর্ট ও তরুণ ব্যাটসম্যান অলিভার পিক। পাকিস্তান সফর শেষে দেশে ফেরার কথা থাকলেও দুজনই রয়ে গেছেন দলের সঙ্গে।
বাংলাদেশ সফরের ওয়ানডে দলে পরিবর্তনে আছে আরও একটি। হ্যামস্ট্রিংয়ের চোটে এই সিরিজে খেলতে পারবেন না তানভির স্যাঙ্ঘা। এই লেগ স্পিনারের বদলে সুযোগ পেয়েছেন টড মার্ফি। ৭ টেস্ট খেলা অফ স্পিনার সাদা বলের ক্রিকেটে সুযোগ পেলেন প্রথমবার।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলার পর পাকিস্তান সফর থেকে ছুটি পেয়েছিলেন হেড। বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুই সিরিজের স্কোয়াডেই রাখা হয়েছিল তাকে। তবে সামনের মৌসুমে তুমুল ব্যস্ততার কথা ভাবনায় রেখে তার বিশ্রামের সময় বাড়ানো হয়েছে বলে জানান নির্বাচক টনি ডডেমেইড।
ট্রাভিস প্রাথমিকভাবে এই বাংলাদেশ সফরের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাকে উভয় সিরিজের জন্যই ব্যক্তিগত ছুটি দেওয়া হয়েছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে আবার দেখার অপেক্ষায় রইলাম।
আগামী অগাস্টে ডারউইন ও ম্যাকাইতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দুটি খেলবে অস্ট্রেলিয়া।
আইপিএল শেষে মার্শের খেলার কথা ছিল পাকিস্তান সিরিজেই। কিন্তু শেষ মুহূর্তে অ্যাঙ্কেলের চোটের কারণে তিনি ছিটকে যান। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে তার নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু তার বদলে পরে নেতৃত্ব দেন ইংলিস।
আইপিএল শেষে বিশ্রাম পেয়ে পাকিস্তান সফরে না থাকা দুই পেসার বেন ডোয়ার্শাস ও জেভিয়ার বার্টলেট আগেই বাংলাদেশে যোগ দিয়েছেন দলের সঙ্গে। বিলি স্ট্যানলেক ও রাইলি মেরেডিথের জায়গায় ওয়ানডে সিরিজে থাকছেন না। তবে মেরেডিথ বাংলাদেশে রয়ে গেছেন দলের সঙ্গে। ওয়ানডেতে না থাকলেও টি-টোয়েন্টি সিরিজে আছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজ শেষে ফিরে যাবেন ডোয়ার্শাস।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু মঙ্গলবার। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে।
বাংলাদেশে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল: জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথু শর্ট, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, বেন ডোয়ার্শাস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অলিভার পিক, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, টড মার্ফি, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা।
বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, ম্যাট রেনশ, অ্যাডাম জাম্পা।