রাজধানীতে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু জবাইয়ের জন্য ৩৫৭টি স্থান নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২৭ মে) সংস্থাটির পক্ষ থেকে ৭৫টি ওয়ার্ডের নির্ধারিত স্থানসমূহের তালিকা প্রকাশ করা হয়।
ডিএসসিসি জানিয়েছে, নির্ধারিত স্থানে কোরবানি করা হলে বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সহজ হবে। নগরবাসীকে নির্ধারিত স্থানেই পশু জবাই করার আহ্বান জানিয়েছে সিটি করপোরেশন।
ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার বলেন, নির্দিষ্ট ও উন্মুক্ত জায়গায় কোরবানি দিলে বর্জ্য পরিষ্কার করা সহজ হয়। আমরা চাই, যত দ্রুত সম্ভব শহর পরিষ্কার করতে। ইতোমধ্যে ঈদের দিন কোরবানি শুরুর পর আট ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নগরবাসীর সহযোগিতা ছাড়া এ কার্যক্রম সফল করা সম্ভব নয়। তাই সবাইকে নির্ধারিত স্থানেই কোরবানি করার অনুরোধ জানাচ্ছি।
ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন অতিরিক্ত পরিচ্ছন্নতাকর্মী, গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হবে, যাতে দ্রুত সময়ের মধ্যে রাজধানী পরিষ্কার রাখা যায়।
নির্ধারিত স্থানের তালিকা এখানে দেখুন।
https://drive.google.com/file/d/1nDsRax2zV3XSt2rb1uW9CfCb35AOKaL8/view