সৎ সাহস থাকলে অপরাধ স্বীকার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনার দেশে ফেরার দাবি তার স্বভাবসুলভ রাজনৈতিক বক্তব্য ও বাগাড়ম্বরের অংশ। তিনি বলেন, সৎসাহস থাকলে অপরাধ স্বীকার করে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত।
দেশের বর্তমান পরিস্থিতি ও ঈদযাত্রা প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের বিভিন্ন ইতিবাচক ও কার্যকর পদক্ষেপের কারণে এবার মানুষ স্বস্তি ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছে।
ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিয়ে তিনি বলেন, অতীতের মতো এবার সাধারণ মানুষের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা বা শঙ্কা নেই। সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি এবং অরাজকতা নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতায় যানজটও তুলনামূলক কম হয়েছে বলে দাবি করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথাও তুলে ধরে রিজভী বলেন, ঈদকে কেন্দ্র করে সারা দেশে পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় ভালো এবং নিয়ন্ত্রণে রয়েছে।
বর্তমান সরকারের কার্যক্রম প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০০ দিনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার আন্তরিকতা ও সক্রিয়তার পরিচয় দিয়েছে।
তিনি আরও বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকারবদ্ধ এবং গণতান্ত্রিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় দল ও সরকার একযোগে কাজ করে যাচ্ছে।