নরসিংদীর রায়পুরা উপজেলায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামে আরও এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৪ মে) দিনরাত ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি রেলগেট এলাকার একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে।
আহত চাঁদনী ওরফে বাবুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ইয়াসমিন ওরফে সুমন রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের রবিউল্লাহর সন্তান। আহত চাঁদনী ওরফে বাবু একই এলাকার মিষ্টু মিয়ার সন্তান।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।