দেশের প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী যাত্রীরা এখন থেকে ঢাকা মেট্রোরেল-এ ভ্রমণে বিশেষ সুবিধা পাবেন। ৬৫ বছর বা তার বেশি বয়সী সিনিয়র সিটিজেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু করছে সরকার।
রবিবার (২৪ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।
আগামীকাল দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রোরেল স্টেশনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই সেবার উদ্বোধন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিক জাতীয় পরিচয়পত্র দিয়ে বয়স যাচাই করে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।
প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন 'সুবর্ণ' পরিচয়পত্র দেখিয়ে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।